জীবন ও নদীর মিল

জীবনকে এক কথায় বললে, তা এক বিশাল নদীর মতো। কখনো তার বুক টইটম্বুর জলে ভরা, আবার কখনো তা শুকিয়ে ধুলিধুসর চর হয়ে যায়। আবার এমন সময়ও আসে, যখন প্রবল স্রোতে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, তছনছ করে দেয় স্থিরতা। ঠিক তেমনি আমাদের জীবনেও ওঠানামা, সুখ-দুঃখ, নির্মাণ আর বিনাশ অবিচ্ছেদ্য।

আজ বিকেলে হঠাৎ করেই মন চাইলো একটু প্রকৃতির কাছে যেতে। চলে গেলাম আমার প্রাণের জায়গা, করতোয়া নদীর পাড়ে। এই নদীর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত, মন ভালো হোক বা খারাপ, এখানে এসে সময় কাটানো যেন এক ধরণের মানসিক প্রশান্তি।

নদী ও নদীপাড়ের মানুষের জীবন সবসময়ই আমাকে নাড়া দেয়। প্রতি বছরই এই নদী অনেক জমি গিলে নেয়, কেড়ে নেয় মানুষের বসতভিটা। তবুও এখানকার মানুষ বেঁচে থাকে, লড়াই করে। তারা নুড়ি পাথর তুলে, নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে।

কেউ একজন ছোট্ট নৌকায় করে নদীর বুক থেকে পাথর তুলে আনছে। কেউবা জাল ফেলেছে, সারাদিন ধরে মাছ ধরছে। বিকেলে সেই মাছ বাজারে বিক্রি করে পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। নদী তাদের জীবনের রুটিরুজির একমাত্র ভরসা, এক জীবন্ত আশ্রয়।

এই সবকিছু মিলিয়েই নদী যেন হয়ে ওঠে এক জীবন্ত পাঠশালা, যেখানে জীবনকে বুঝে নেওয়া যায় একটু অন্যভাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *